বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, সরকার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থানে আছে। সরকারের এই মুহূর্তে জনগণের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনগনের নিরাপত্তা নিশ্চিতে উদ্দ্যেগের বিষয়ে জেলা প্রশাসক বলেন, আমরা প্রথমত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের এলার্ট করেছি। একই সঙ্গে জনগণকে নিরাপদে থাকার নির্দেশনা দিতেও তাদের জানানো হয়েছে। এখন আমরা জরুরি সভা আহ্বান করেছি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব সীমান্তের মানুষদের আরো কিভাবে নিরাপদে রাখা যায় সেই বিষয়ে।
তিনি আরও বলেন, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থ চিন্তা করেছি আমরা। গত শুক্রবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে মিয়ানমার থেকে গোলা এসে পড়লে কয়েকজন হতাহত হন। আমরা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে রাত ১১ টার মধ্যে ঘুমধুমের এসএসসি পরীক্ষার সেন্টার পরিবর্তন করেছি। আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেছি, ঠিক একইভাবে স্থানীয় জনসাধারণের বিষয়টি চিন্তা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি।

