এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চ থেকে শুরু করার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা আরো এগিয়ে আনা হবে। আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতো। তবে এখনো আমরা ফেব্রুয়ারিতে না পারলেও মার্চে শুরুর পরিকল্পনা রয়েছে।
আবু বকর ছিদ্দীক বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরি আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা বেলা ১১টায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অন্য শিক্ষকরা।
ইউডি

