রপ্তানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান।
মাহমুদুল হাসান বলেন, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বাজারে ইলিশের দাম গড়ে এক হাজার টাকা থেকে ১ হাজার ২শ টাকা কেজি। ইলিশের এই উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের দরিদ্র জনগণ ইলিশ মাছ কেনার কথা চিন্তাও করতে পারে না। আবার দেশের মধ্যবিত্ত সমাজও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রপ্তানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বেড়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের বাজার দরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানি যোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জণগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাংলাদেশ সরকার যদি বিদেশিদের ইলিশের স্বাদ উপভোগ করাতে চায়, সেক্ষেত্রে সরকারের পক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে।
নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ করা হয়েছে অন্যথায় ওই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে জানান মাহমুদুল হাসান।
ইউডি

