চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং তক্তার পুল এলাকার একটি ভবন থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।
নিহত শামীমা আক্তার পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা গেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ পাওয়া তথ্যে শামীমা আক্তারকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এই বিজিবি সদস্যের স্ত্রীকে কারা, কেন কোন উদ্দেশ্যে খুন করেছে সেই রহস্য অনুসন্ধানে নেমেছে পুলিশ।
এই ব্যাপারে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পাঁচ তলার ভাড়া বাসায় থাকতেন শামীমা আক্তার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরির জন্য গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপর দুইজনকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউডি

