চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মুনতাহা ফেনীর মো. সুজনের মেয়ে। এ ঘটনায় রিকশা চালক মো. মামুনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় টেক্সটাইল গেটের গ্রিনভিউ আবাসিক এলাকার আল আমিন মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে মুনতাহা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত রিক্সাচালক মামনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে।

