চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ষষ্ঠ বারের মতো পিছিয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আগামী ৩ অক্টোবর পুনরায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন বিচারক। এইদিনে বাকি আসামিদের ডিসচার্জ শুনানির জন্যও দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সুদীপ্ত হত্যা মামলাটি আজ আদালতে চার্জের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠনের আবেদন করা হয়েছিল। কিন্তু মো. দিদারুল আলম মাসুমসহ ৭ জন আসামি ডিসচার্জ শুনানি করেন। বাকি আসামিরা ডিসচার্জ শুনানির জন্য সময় প্রার্থনা করেন। আগেও এই মামলায় চার্জের জন্য বেশ কিছু সময় দেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন নামঞ্জুর করে আজকে চার্জ গঠনের আবেদন করি। বিচারক ৩ অক্টোবর পুনরায় চার্জের জন্য এবং বাকি সাক্ষীদের ডিসচার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন।
২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস মামলাটি করেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ২৪ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ২৩ আসামি জামিনে রয়েছেন।

