চট্টগ্রাম নগরীর গোলপাহাড় এলাকায় মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে কোল্ডস্টেইন ব্লাড ট্রান্সক্রিয়েশন সেন্টার নামে একটি রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, গোলপাহাড় এলাকায় চট্টগ্রাম মেট্রো ডায়গনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করতে দেখা গেছে। এসব রি-এজেন্ট রোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবহার হয়ে থাকে। তাদের ব্যবহৃত রি-এজেন্টগুলো বিদেশি এবং এগুলোর যথাযথ আমদানিকারক পাওয়া যায়নি। কারা এসব রি-এজেন্ট আমদানি করছে এবং এগুলো লিগ্যালি দেশে আসছে কিনা এসব বিষয়ে কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটিকে আমরা একলাখ টাকা জরিমানা করেছি।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়গনস্টিক সেন্টারেও অভিযান চালিয়েছি। তবে তাদের কোন অনিয়ম পাওয়া যায়নি। এছাড়া কোল্ডস্টেইন ব্লাড ট্রান্সক্রিয়েশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সংগ্রহ করা রক্তের ব্যাগে মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া না যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরি ও সরবরাহ করায় সুফিয়া হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

