চট্টগ্রাম বহির্নোঙরের গভীর সমুদ্র থেকে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গত ২৫ আগস্ট ‘এমভি কমলা’ নামক ফিশিং ট্রলার চট্টগ্রামের কালুরঘাঁট এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গেলে ২৭ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
মঙ্গলবার বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবিহিত করে। পরে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে বিষয়টি জানানো হয়। এরপর কুতুবদিয়ার অধিনায়ক লে. কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে তৎক্ষনিক ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
মুনিফ তকি আরও বলেন, ফিশিং বোটের মালিকের সাথে যোগাযোগ করে বোট এবং জেলেদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

