সারাদেশের রেলক্রসিংয়ে দুর্ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্তের জন্য হাইকোর্টে রিট দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে টানা কয়েক সপ্তাহ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন রণি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন আপাতত স্থগিত করেন।চট্টগ্রাম ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রনির পক্ষে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল। আইন সচিব, রেল সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী তাপস কান্তি বল বলেন, আজ রিট দায়ের করার পর আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেছিলাম। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। এখন হাইকোর্টের আরেকটি বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করবো।
গত শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
এদিকে, গত ২১ জুলাই রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।
সেভ দ্য রোডের নামের একটি সংগঠনের প্রতিবেদন থেকে জানা গেছে, সাত মাসে দেশের বিভিন্ন স্থানে রেলপথে ছোট-বড় এক হাজার ৫২টি দুর্ঘটনায় ১৭৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৭০ জন। এসব প্রাণহানির মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়ায় রেলপথে দুর্ঘটনায় নিহত ১১ জনও রয়েছেন।
ইমা

