চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার করেরহাটের ছত্ত্বরুয়া গ্রামের নিত্যধন ঘোষের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বিশ্বজিৎ ঘোষ জানান, আজ সকালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। এ সময় চারটি বসতঘর মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমাদের অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার হায়াতুন্নবী জানান, করেরহাটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

