চট্টগ্রাম নগরীতে কখন কোথায় কতক্ষণ লোডশেডিং করা হবে সেই সিদ্ধান্ত হবে আজ। পিডিবি চট্টগ্রাম আঞ্চলের প্রধান প্রকৌশলীর দফতর এ সিদ্ধান্ত নেবে। আজ থেকে পরিকল্পিত লোডশেডিং ব্যবস্থাপনার জন্য আগে থেকেই এলাকাভিত্তিক গ্রাহকদের জানিয়ে দেবে পিডিবির সংশ্লিষ্ট ফিডারগুলো।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পিডিবির জনসংযোগ কর্মকর্তা মো.সহিদুল ইসলাম। বিকেলে লোডশেডিংয়ের শিডিউল চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ডিমান্ড পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে সাশ্রয়ী হওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ফিডারগুলোর কাছে লোডশেডিংয়ের একটি শিডিউল পৌঁছে যাবে। এখন শিডিউল তৈরির কাজ চলছে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম বলেন, এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিডিউল আমরা চূড়ান্ত করছি। কতটুকু পাওয়ার পাচ্ছি তার ওপর ভিত্তি করে এই শিডিউলটা তৈরি করতে হবে। আজকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করা হবে।

