চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় বাদশা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ১ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র।
রবিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত বাদশা দুপুরে বাজার থেকে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাদশা উপজেলার মিঠাছড়া এলাকার গড়িয়াইশ গ্রামে কৃষি কাজ করতেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুল আলম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে।

