চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) ভোরে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি টিম চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
এসময় ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী ঘটনাস্থলেই মারা যান। পরে স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় পাওয়া না গেলেও মোটরসাইকেল আরোহী নারীর নাম- আনিকা বলে জানান তিনি।

