রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জমির (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অটোরিকশায় থাকা এক যাত্রী।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড বুইজ্জার দোকান সিকদারপাড়া এলাকার এখলাস মিয়ার পুত্র।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে রিকশাচালক ছিটকে পড়ে যায়। পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জমির।
এই ঘটনায় মো. হৃদয় (৩৫) নামে অটোরিকশার এক যাত্রীও আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলে আপাতত সে আশংকামুক্ত বলে জানা যায়। ট্রাকটি জব্দ করা হয়ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেয়া হবে।
জেবি

