চট্টগ্রাম সিটি করপোরেশনের গণটিকাদান কার্যক্রমে টিকা গ্রহীতাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার ( ৭ আগস্ট) দুপুর ২টার দিকে সদরঘাট মেমন হাসপাতাল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রথমদিন ৩টি কেন্দ্রে ৬০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু মেমন হাসপাতাল কেন্দ্রে অন্ততঃ হাজার খানেক মানুষ টিকা নিতে জড়ো হন। কিন্তু এত টিকার যোগান হাসপাতাল কর্তৃপক্ষের ছিল না। একপর্যায়ে টিকা না পাওয়ার শঙ্কায় অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যা হট্টগোলে রূপ নেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। টিকার ডোজের চেয়ে টিকা গ্রহীতার সংখ্যা বেশি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
আমজাদ নামের এক ব্যক্তি জানান, এখানে দেখছি প্রায় হাজার খানেক মানুষ লাইনে দাড়িছেয়ে। শুনেছি এই ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ৬শ’ টিকা দেয়া হবে। তাহলে বাকীরা কি করবে?। তাছাড়া টিকা দেয়ার ক্ষেত্রে স্বজন প্রীতি হচ্ছে বলেও জানান ওই ব্যক্তি।
আব্দুর রহামন নামে এক বাসিন্দা বলেন, অ্যাপে রেজিস্ট্রেশন করতে না পেরে সিটি করপোরেশনের এই কেন্দ্রে এসে লাইনে দাড়িয়েছি। এসে দেখলাম অনেকেই আগে থেকে নিবন্ধন করে রেখেছেন। কিন্তু এ বিষয়ে আমাদের আগে কিছুই জানানো হয়নি। যারা আগেই কাউন্সিলর অফিস থেকে ফরম সংগ্রহ করে নিবন্ধন করে রেখেছেন, তারা টিকা পাচ্ছেন। আমরা পাব কিনা জানি না। টিকা প্রদানে স্বজন প্রীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর ১২৩টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

