চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহরণ ও ধর্ষণের শিকার এক কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় রেজাউল ইসলাম (২৮) নামে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রেজাউল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চারিগ্রামের আজিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৯ জুন) ভোরে রাজধানীর গাজীপুরের বালিয়ারা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্রী। তার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সে সূত্রে তিনি পরিবার নিয়ে হাটহাজারীতে বসবাস করেন। গত ২২ জুন রাত ৯টায় বাসা থেকে নিখোঁজ হয় কিশোরী। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা দায়ের করেন। এছাড়া র্যাবের কাছেও একটি অভিযোগ দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এ ঘটনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা নজরদারি চালায়। এক পর্যায়ে র্যাব জানতে পারে কিশোরীকে অপহরণ করে গাজীপুরের বালিয়ারায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধার ভিকটিম ও গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

