চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় চোরাই গাড়ি চক্র ‘রাসেল সিন্ডিকেটে’র প্রধান রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৬ জুন) রাতে বহদ্দারহাট আরকান রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বিতলং গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৬), সীতাকুণ্ড থানার ছোট কুমিরার মৃত রেণু মিয়ার ছেলে বেলাল (২৩) ও একই থানার উত্তর ফেদায় নগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় বায়েজিদ থেকে আব্দুল ওয়াজেদ নামে এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয় । তিনি এ ঘটনায় মামলা দায়েয়ের পর র্যাবের কাছেও একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে বহদ্দারহাট আরকান রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী সিএনজিটি শনাক্ত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানায় এবং চুরির কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

