সীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রির অপরাধে চার দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন এই জরিমানা করেন। তবে অভিযানের খবরে বেশিরভাগ দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স লাইসেন্স ছাড়াই সীতাকুণ্ড পৌর এলাকার বেশিরভাগ দোকানি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। অভিযানে মেঘনা ট্রেডিং কর্পোরেশন, এস.বি. গ্যাস হাউজ ও জোহরা ইলেক্ট্রিককে ৫ হাজার টাকা করে ও নামার বাজার বাস কাউন্টারের পার্শ্ববর্তী জাফর ইলেক্ট্রিক এন্ড গ্যাস সাপ্লাইয়ার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে পৌর সদরের বেশিরভাগ দোকান বন্ধ করে পালিয়ে যায় দোকানিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি দেশব্যাপী গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। গ্যাস সিলিন্ডার নিয়ে অবহেলা করার সুযোগ নেই। নিয়মনীতির না মেনে যারা অবৈধভাবে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

