শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

অসত্য সংবাদে অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হলে সরকার ও জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক অভিযাত্রাও বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেকও বিতরণ করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় জমি বরাদ্দের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা সর্বজনস্বীকৃত। অথচ বিগত সময়ে তাঁর নাম ফলকটি প্রেস ক্লাব থেকে ফ্যাসিবাদী সাংবাদিকেরা নির্লজ্জভাবে ফেলে দিয়েছিল। আমি নামফলকটি যথাযথ সম্মানের সঙ্গে সংরক্ষণ করার অনুরোধ জানাচ্ছি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘গত সাত-আট মাসে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি এবং মানুষের মধ্যে যে আস্থা ফিরতে শুরু করেছে, তা ধরে রাখতে হবে। কর্মসংস্থান বাড়াতে হলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সাংবাদিকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আমিনুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, ইমরান এমি, বাকি বিল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভায় সাম্প্রতিক গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো ইতোমধ্যে বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে কিছু পলাতক ফ্যাসিবাদী শক্তির লোকজন ছদ্মবেশে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিক সংগঠনগুলোও জানে না কারা এসে এসব ঘটনা ঘটাচ্ছে। অথচ গণমাধ্যমে এখনো ঘটনাগুলোকে শ্রমিক আন্দোলন হিসেবে তুলে ধরা হচ্ছে। তাই প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। পেশাগত অবস্থান থেকে দেশের সামগ্রিক পরিস্থিতি অনুধাবন করে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর যারা দেশে থেকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের অনেকেই এখন দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। অন্যদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকজন আবারও বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, গণমাধ্যম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদকর্মীরা সব সময় জনগণের কথা বলবেন এবং নিরপেক্ষ থাকবেন। তাদের সংবাদ সরকারের পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, তবে তা হতে হবে সত্য ও বাস্তবতানির্ভর। সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে অসত্য সংবাদ পরিবেশন করলে শেষ পর্যন্ত সরকার, জনগণ এবং পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসনের দাবি যৌক্তিক। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি। দেশে ভূমির স্বল্পতার কারণে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সীমিত জায়গায় অধিকসংখ্যক সাংবাদিকের আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান। দেশের কৃষিজমি কোনোভাবেই নষ্ট করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সাংবাদিকরা মানুষের পক্ষে দাঁড়ায় একেবারে নিজ থেকে, তার জন্য কোনো বিনিময় দেওয়া লাগে না। মানুষ যখন কোনো আইনজীবী, কৃষিবিদ, ইঞ্জিনিয়ারের কাছে যান তখন সেবার জন্য টাকা দিতে হয়। সাংবাদিকদের কাছে সেটা দিতে হয় না। যদিও আজ কোথাও কোথাও পেশাদারিত্বের অবনমন ঘটেছে। তাই সাংবাদিকতাকে আমি কোনো পেশা মনে করি না, এটি একটি মিশন; যার কাজ হচ্ছে ক্ষমতার মুখে সত্য উচ্চারণ করা।’

তিনি বলেন, জনগণের আস্থা হারানো মানেই সাংবাদিকতার মৃত্যু। সাংবাদিকতা কোনো মুনাফাভিত্তিক ব্যবসা নয়। এটি একটি মিশন, পবিত্র কাজ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা আজকে ছেয়ে গেছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতে আরও নানা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও  জানান।

এই বিভাগের সব খবর

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রহুল কবির...

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায়...

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত...

সর্বশেষ

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ...

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা...

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...