চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পিস্তলে লোড করা একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেইড ইন ইউএসএ’ খোদাই করা ছিল।
গ্রেফতার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

