চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী মৃত আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় পেছনের দরজা খোলা দেখে বাড়ির ভাড়াটিয়ারা ভেতরে ঢুকে শোবার ঘরে নুর নাহারকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাহ্যিকভাবে শরীরের কোথাও আঘাতের স্পষ্ট চিহ্ন বা অস্বাভাবিকত্ব না পাওয়া গেলেও নিহতের দুটি মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। ফলে মৃত্যুটি স্বাভাবিক নাকি কোনো অপমৃত্যু—তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

