মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে বিভাগীয় পুলিশ হাসপাতালের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
সভায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা, মানসিক সুস্থতা বজায় রাখা এবং পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং এ-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।

