চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (১৯ জুন) সকালে রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। চালক সুজন দে (৩৮) রাউজান থানার ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দে এর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, পুলিশ সদস্য মারুফুলকে বাসচাপা দেওয়ার পর চালক সুজন দে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে। চালক সুজন রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করেছে জানতে পারি আমরা। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় বাসের সহযোগী সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছিল। সুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নিহত হন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের বাসিন্দা। মারুফুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহত মারুফুলের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলার দায়ের করেন। মামলা নম্বর-২৩, (১৮/৬/২০২২) সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায়।

