ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই থেকে এএফপি জানায়, রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় ৩৬ বছর বয়সী এ অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
ভারতের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই দেশটির হিন্দি চলচ্চিত্রশিল্প বলিউডেরও কেন্দ্র।
গর্গ সাংবাদিকদের বলেন, ‘টাইগার শ্রফ নিরাপদে আছেন। ঘটনার আরও তদন্তে মুম্বাই পুলিশ বিভিন্ন দল মোতায়েন করেছে।’
পুলিশ জানায়, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে অভিনেতার গাড়িচালকও রয়েছেন। তবে টাইগার শ্রফ গুলিবিদ্ধ হননি।
ভারতের আরেক রাজ্য রাজস্থান থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা তেজস্বনী গৌতম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের দুজনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরির মামলা এবং অন্যটি অস্ত্র আইনে করা মামলা।’
গুলি চালানোর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
‘বাঘি’ চলচ্চিত্র সিরিজ ও ‘ওয়ার’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত টাইগার শ্রফ।

