কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১২৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন, পরোয়ানা মূলে ১৪২ জন এবং সাজা পরোয়ানা মূলে ৩০ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন মাদক বহনকারী ও ৭৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৯ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৮ জনকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৩ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ১ জন, কুমিল্লায় ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, নোয়াখালীতে ২ জন ও লক্ষীপুরে ১ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৭৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৮৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা : চট্টগ্রাম ৭২ জন, কক্সবাজার ৬ জন, কুমিল্লায় ৫১৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জন, চাঁদপুরে ৩ জন, নোয়াখালীতে ৪৪ জন, লক্ষ্মীপুরে ৬১ জন, রাঙ্গামাটিতে ১৬ জন ও খাগড়াছড়িতে ১৩ জন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

