দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী সুলতান আহমদ আশরাফী আর নেই। রোববার রাত সাড়ে ৮ টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও হৃদ্রোগে ভুগছিলেন। সুলতান আহমদ আশরাফীর নামাজে জানাজা আজ সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দুপুর ১টায় তাঁর নিজ গ্রাম বাঁশখালীর সরল গ্রামস্থ মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে মফিদুল ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম চৌধুরী ও মোর্শেদুল আলম কাদেরী। তাঁর মৃত্যুতে চট্টগ্রামে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

