জেলায় সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আজ রোববার সকাল ৯টায় সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে অনুষ্ঠিত যানবাহন মেরামত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনকালে সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালিসহ সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পাহাড়ি এলাকায় যানবাহনের সুরক্ষায় দক্ষ প্রশিক্ষক গড়তে সেনাবাহিনীর উদ্যোগে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা নিজেদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেদের বেকার সমস্যা সমাধান করতে পারবেন।
১০ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ২১ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।

