টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিনের পরিচিত এই জুটি প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘পুলসিরাত’।
সিনেমাটি নির্মাণ করবেন নাটক ও ওয়েব কনটেন্টের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তারও। সিনেমাটির নাম চলতি বছরের জানুয়ারিতে নিবন্ধন করা হয়েছিল। তখন থেকেই ‘পুলসিরাত’ নিয়ে আলোচনা থাকলেও নিশো-মেহজাবীনের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।
সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ছবিকে ঘিরে নতুন করে আলোচনায় আসে সিনেমাটি। ছবিতে শাহরিয়ার শাকিলের সঙ্গে দেখা যায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এরপরই তাদের ‘পুলসিরাত’-এ যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়।
প্রযোজনা সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী জানুয়ারির শুরুতে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। একটানা প্রায় এক মাস শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শুটিং শেষে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘পুলসিরাত’। সে হিসেবে মার্চেই বড়পর্দায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যেতে পারে নিশো-মেহজাবীনকে।
নিশো-মেহজাবীনের বড়পর্দায় অভিষেকের পাশাপাশি সিনেমাটি ভিকি জাহেদের ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা করবে। নাটক ও ওয়েব কনটেন্টে নিজস্ব নির্মাণশৈলীর কারণে আলোচনায় থাকা এই নির্মাতার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘পুলসিরাত’।
সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রযোজনায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। ফলে নতুন এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।
এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’র মতো নাটক ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন নিশো ও মেহজাবীন। এবার সেই পরিচিত জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমার পর্দায়।

