পর্যটন শিল্পের প্রসারে গুরুত্ব আরোপের মধ্য দিয়ে আজ চট্টগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে সার্কিট হাউসে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বক্তব্য দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সভায় সরকারি কর্মকর্তা, হোটেল ও রেস্তোরাঁ মালিক এবং পর্যটন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অপর্যাপ্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে পর্যটনকেন্দ্রগুলো যথাযথভাবে তুলে ধরতে না পারায় তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পর্যটন খাতের বিকাশে স্বল্পমেয়াদি মুনাফার পরিবর্তে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মান নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটকদের আকৃষ্ট করতে চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও ঐতিহ্যকে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।
আলোচনা সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

