বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পলাতক দোসরদের বলতে চাই-নিষিদ্ধ হয়েছেন, কর্মীদের ফেলে বউ-বাচ্চা নিয়ে বিদেশ পালিয়েছেন। এখন হাটহাজারীসহ দেশের অনান্য এলাকার দরিদ্র পরিবারের ছেলেদের জীবন বিপন্ন করছেন, এটা করবেন না। নিজেদের যদি নির্দোষ মনে করেন, সৎ সাহস থাকলে দেশে ফিরে আসেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করেন; বিচারের সম্মুখীন হন।
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য আমি-ডামি কিংবা রাতের ভোটে নির্বাচিত হয়নি। রাজপথে থেকে জনগণের অধিকার আদায় করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।’
তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গুপ্ত, সুপ্ত এবং পলাতক নিষিদ্ধ অপরাধীদের থেকে নিজ এলাকা মুক্ত রাখার আহ্বান জানান।

