ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’।
আজ সোমবার প্রধান অতিথি হিসেবে এ সেলের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় ডা. শাহাদাত বলেন, একটি মৃত্যুও আমাদের জন্য কাম্য নয়। ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক কার্যক্রম একসঙ্গে পরিচালনা করছে।
তিনি আরও বলেন, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর, জেলার উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মহানগরে ৪ জন, উপজেলা পর্যায়ে ৭ জন এবং অন্যান্য জেলায় ১ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
মেয়র বলেন, অতীতের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি থাকে। তাই এ দু’মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে চসিকের মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, ক্রাশ প্রোগ্রাম ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
চসিক জেনারেল হাসপাতালে চালু হওয়া ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে পুরুষ, নারী ও শিশুদের জন্য মোট ১৫টি শয্যা রাখা হয়েছে বলেও জানান চসিক মেয়র। তিনি বলেন, প্রয়োজন হলে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণে এনএসওয়ান অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, তপন কুমার চক্রবর্তী, আন্দরকিল্লাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন প্রমুখ।

