চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে-এমন কোনো কর্মকাণ্ড ফটিকছড়িতে করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
আজ সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম।
সরোয়ার আলমগীর বলেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও বাল্যবিবাহের মত অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেগুলো চলবে।
রাবার পাচার প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় এলাকার ওপর দিয়ে চলাচলকারী রাবারবাহী গাড়িগুলো বৈধ নাকি অবৈধ, তা তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন এই সংসদ সদস্য।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল আলম, উপজেলা প্রকৌশলী এম. জুনায়েদ, নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. আজিজসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

