চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি এয়ারগান, দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ, একটি চাপাতি ও একটি লোহার গ্রিল কাটার উদ্ধার করা হয়।
সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- রাউজানের উরকিরচর ইউনিয়নের মো. সেলিম (৫০), সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭), মো. জাবেদ (২৮) ও মো. আলামিন (২৯)।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ১০ দিন আগে আজগর নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় আজগরের ভাগিনা পারভেজ করিমকে সন্দেহ করে মোটরসাইকেল ফেরত দেওয়ার জন্য চাপ দেন। করিম চুরির সঙ্গে জড়িত নন জানালে পারভেজ ক্ষুব্ধ হন। এর জের ধরে গত ৩ সেপ্টেম্বর রাতে কেরানিহাট বাজার এলাকায় পারভেজসহ অন্য আসামিরা করিমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় পারভেজের পরিত্যক্ত গরুর ফার্মে অভিযান চালানো হয়। সেখানে সিমেন্টের গামলায় বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি পারভেজের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পারভেজসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

