চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন।
দণ্ডিত মো.মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার নথি সূত্রে জানা যায়, আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। এ সময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শিশুটি তার গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা হচ্ছে জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা দায়ের করেন।