শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বাসসকে বলেন, এদের কারও কারও ভিসা থাকলেও মেয়াদ নেই। আবার ছোট শিশু রালফের (১৩) ভিসার কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।
ইউএনও জানান, মঙ্গলবার নৌযানডুবির পরপরই ঢাকায় অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাসকে বিষয়টি জানানো হয়।
বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজারে পৌঁছেছেন। আলবার্টের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে জীবিত তিনজনকে দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

