শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, লোকশিল্পের প্রতি অনুরাগ সৃষ্টি এবং বর্জ্য বা পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়েজিদ মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘চারুকারু মেলা-২০২৬’। আজ ২৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সকালে মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী প্রফেসর আব্দুল ওয়াহেদ। উদ্বোধনী বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো: মাজহারুল হক।
মেলায় শিক্ষার্থীদের তৈরি শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রয়ের জন্য মোট ১৮টি স্টল বসানো হয়। স্টলগুলোতে শোভা পায় জলরং, তেলরং ও পেন্সিল স্কেচের ছবি, ক্যালিগ্রাফি এবং মাটির পাত্রে বৈচিত্র্যময় নকশা। এছাড়া পাট ও সুতার তৈরি জিনিসপত্র, নারকেলের শোপিস, কাগজের ফুল, ওয়ালমেট এবং লোকশিল্পের অংশ হিসেবে নকশিকাঁথা, মাটির পুতুল, হাতপাখা ও মৃৎশিল্পের নানা ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
দিনব্যাপী প্রদর্শনী শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী সেরা তিনটি স্টল ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষিকা মুন্নি বড়ুয়া, মোঃ আল ঈশাদ চৌধুরী, মোহাম্মদ মানজুরুল হক, রোমানা আক্তার, তানভীর তাবাসসুম তারিন, তানিয়া আফরোজ তন্বী, নন্দিতা ধর, তাহমিনা ইয়াসমিন, ফওজিয়া আকতার বকুল, শাওরিন সুলতানা, রশ্মি বড়ুয়া, তাইফা ইয়াসমিন, জান্নাতুল বাকি শান্তা, প্রিয়াংকা মল্লিক, চৈতি দত্ত, মরিয়ম আক্তার, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান, শারমিন সুলতানা এবং নিলুফার ইয়াসমিন।
সৃজনশীল প্রতিভার বিকাশে বায়েজিদ মডেল স্কুলে বর্ণাঢ্য ‘চারুকারু মেলা’
অনলাইন ডেস্ক

