শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের আয়োজনের মধ্যে গত ২৩ আগস্ট চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে শাস্ত্রীয়–উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি–সংগঠক শিল্পী সুজিত ভট্টাচার্য দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।
বক্তারা বলেন, বাংলা সাহিত্যে নজরুলের মত অসাম্প্রদায়িক কবি আর নেই। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ হল বাঙালির মাথার উপর ছাতা আর নজরুল হল অন্তরাত্মা। তিনি প্রায় শতবছর আগেই সাহসিকতার সঙ্গে অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাঁর গান, কবিতা, নাটক, উপন্যাসে দেশাত্মবোধক, নারী জাগরণ, ইসলামী, শ্যামাসংগীত, বিদ্রোহ, গজল, প্রেম, প্রকৃতি, রাগপ্রধান, ভাটিয়ালি, পল্লীগীতি, এইভাবে বিভিন্ন পর্যায়ের গান ও কবিতা রচনা করেছেন। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই আকাশ সংস্কৃতির যুগে বর্তমান সমাজে যে অস্থিরতা হিংসা, হানাহানি তা নিঃসন্দেহে কমে আসবে। পার্থ প্রতিম বিশ্বাস ও প্রণিতা দেবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, প্রণব দে ও সঞ্জয় দে। ২য় পর্বে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নজরুল সংগীত পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের শিল্পীবৃন্দ।

