চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ইয়াবার পাশাপাশি ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, ৮ বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৮৫ জন মাদক ব্যবসায়ী, দুজন বহনকারী ও ১৫০ জন মাদকসেবী। এ ঘটনায় ৬৫টি মামলা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ৩৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

