চট্টগ্রামে সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।
মঞ্জুরুল আলম বলেন, গত ১২ জুন কদমতলীতে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল কার্যালয়ে জনৈক গোলাম রসূর বাবুলের প্ররোচনায় এবং কয়েকজন চাঁদাবাজদের আক্রমণে সংগঠনের কয়েকজন মালিক ও শ্রমিক আহয় হন। এ সময় সাধারণ শ্রমিকদের প্রতিরোধে চাঁদাবাজরা ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় সমিতির ব্যাপক ক্ষতি হয়। পরে পুলিশকে অভিযোগ দিলে তারা এসে নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি হুঁশিয়ারী দিয়ে আরও বলেন, পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। ওই গোলাম রসূল বাবুল ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন মালিক সমিতির কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে নিয়মিত কাজে বিঘ্ন সৃষ্টি করছে। এতে মালিক-শ্রমিকগণ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো. হাসান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইমাম শরীফ,
আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী আহমেদ, রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. অলি অহম্মেদ প্রমুখ।

