সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন ২৬ইং বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এওয়াক’-এর ‘ম্যাইপন সিবিআর’ প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপ ও যুবদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। নিরাপদ সমাজ বিনির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এওয়াক-এর প্রকল্প সমন্বয়কারী মো. আছাফুল ইসলাম সিদ্দিকী বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী যুবরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।” বক্তারা শিশু ও নারীর প্রতি যেকোনো ধরনের নির্যাতন রুখতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে ইউএনও মো. নাজমুল হাসান অংশ নেওয়া ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। একই সাথে একজনকে স্বাবলম্বী করতে একটি ভ্যান গাড়ি দেওয়ার ঘোষণা দেন, যা রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
সিবিআর ফ্যাসিলিটেটর তাপস চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, এওয়াক-এর কর্মকর্তা মো. রমিজ রেজা, নাজনীন আরা, রেজাউল করিম, জোবেদা খাতুন, তামান্না আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন।
