চট্টগ্রামের ফটিকছড়িতে কাল বৈশাখি ঝড়ে চলন্ত প্রাইভেট কারের ওপর উপড়ে পড়ল বিশাল আকৃতির একটি আমগাছ। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা চালক ও যাত্রীরা হতাহত থেকে রক্ষা পেয়েছেন। রবিবার (৩ মে) ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশে থাকা একটি পুরনো শতবর্ষী আমগাছ চলন্ত প্রাইভেট কারের ওপর উপড়ে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা স্থানীয়দের সহায়তায় গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেলে যান চলাচল স্বাভাবিক হয়। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রাইভেট কারটির ওপর থেকে গাছটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
