ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, বুধবার (৮ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রেনের ৭টি বগির মধ্যে ৪ টি বগি লাইনচ্যুত হয়েছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার সহ উদ্ধারকারী দলগুলি দুর্ঘটনা কবলিত দুর্গম এলাকায় পৌঁছেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয়। এক ডজনেরও বেশি লোক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে তাবাসের কাছে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। সেখানে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

