পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিষ বৃক্ষ তামাক চাষের বিকল্প হিসেবে ইক্ষু ও সাথী ফসল চাষসহ উন্নত পদ্ধতিতে আখের গুড় উৎপাদনে বান্দরবানের লামা উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৭ জুন(মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের এনজেড একতা মহিলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান সবুজ ও কনসালটেন্ট ক্যছেন এতে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করেন। মূলত তামাক চাষের বিকল্প হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বান্দরবান শাখা প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান, প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তংচংগ্যা। তিনি বলেন, এ চাষে আগ্রহী হলে কৃষকদের যেমন পরিশ্রম কম হবে ও স্বাস্থ্যর ক্ষতি হবেনা, তেমনি লাভও হবে বেশি। একই দিন বিকেলে আলীকদম উপজেলায়ও ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

