চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ জুন) বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যেসব মৃতদেহ শনাক্ত হয়েছে সেগুলোর মধ্যে কয়েকজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও এ দুর্ঘটনায় এখন পর্যন্ত গণমাধ্যমকে ৪৫ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এদিকে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি দল। তবে ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে গণমাধ্যম কর্মীদেও কাছে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জয়নাল আবেদীন।
শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

