সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ফায়ার সার্ভিসের ৭ সদস্যের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম। আরও ৩ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছে বলে তিনি জানান। এছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আরও ১৫ সদস্য চিকিৎসাধীন রয়েছে।
শনাক্তকৃতরা হলেন- লিডার নিপুন চাকমা, নার্সিং অ্যাটেনডেন্ড মনিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দীন ও শাকিল।
রোববার (৫ জুন) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে খোঁজ করতে দেখা যায় স্বজনদের। আবার কেউ ছবি ও আইডি কার্ড দেখিয়ে প্রিয়জনের মরদেহ শনাক্ত করার চেষ্টায় আছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ডিপো এলাকা। পরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে সেগুলোতেও বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি দল।

