উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর ভোরে হঠাৎ চেঙ্গী নদীর পানি বেড়ে গেলে জেলার পৌর এলাকার একাধিক জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে ঘরবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার, বন্ধ হয়ে গেছে যান চলাচলও। প্লাবিত এলাকায় রয়েছে পৌরসভার সবজি বাজার, মুসলিমপাড়া, গঞ্জপাড়া, গরুবাজার, শান্তিনগর, মহিলা কলেজ রোড, শব্দমিয়া পাড়া ও খবংপুরিয়াসহ বেশ কিছু এলাকা।
এসব এলাকায় বাসিন্দাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, অনেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। স্থানীয়রা জানান, রাতে টানা কয়েক ঘণ্টা বৃষ্টির পর সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ঘর-বাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে দেখেন তারা। আকস্মিক এ ঢলে অনেকে হতবাক হয়ে পড়েন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
