চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র্যালীতে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।
জানা গেছে, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহতাবস্থায় হাসপাতালে আনা সাইফুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।
এর আগে, শনিবার সকালে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুছ শুরু হয়। ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জশনে জুলুছের এই ঐতিহাসিক শোভাযাত্রাটি বের হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্ব দেন।
শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্যে দিয়ে শেষ হয়।
চট্টগ্রামে জশনে জুলুসে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

