বুধবার, ১ জুলাই ২০২৬

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ১৫ লাখ ডলারের জরুরি উদ্ধার সরঞ্জাম দিল চীন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে ১৫ লাখ মার্কিন ডলারের সরঞ্জাম দিয়েছে চীন।

আজ মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব জরুরি উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সঙ্গে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এক বছর আগে আমরা আলোচনা করেছিলাম চীন রেড ক্রিসেন্টকে কিছু দুর্যোগ ব্যবস্থাপনার সামগ্রী প্রদান করবে, যাতে বন্যাকবলিত মানুষদের সহায়তা করা যায়। আজ আমি বলতে পারি, আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।

তিনি বলেন, চীন সরকার বাংলাদেশের জন্য ১৫ লাখ মার্কিন ডলারের এই জরুরি সরঞ্জাম সহায়তা পাঠিয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তির নিরলস প্রচেষ্টায় আমরা অবশেষে সেই সহায়তা বাংলাদেশে পৌঁছে দিতে পেরেছি। এ কাজে যুক্ত সবাই প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন সক্ষমতা বাস্তবভাবে বৃদ্ধির লক্ষ্যে এবং বন্যার হুমকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এই সহায়তা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চীন সরকারের এ অনুদান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক এই উদ্ধার সরঞ্জামগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা আরও দক্ষতার সঙ্গে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে পারবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম বলেন, বাংলাদেশের দুর্যোগে চীনের এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নেবে।

উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া রেসকিউ বুট, ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, ২৫০টি রেসকিউ রোপ, ২৫০ সেট রেসকিউ রোপ ব্যাগ, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র‌্যাফ্ট, ৫০টি ফ্লোট প্লেট, ৫০টি রেসকিউ প্যানেল, ২৫টি সফট স্ট্রেচার, ১৫টি ওয়াটার পিউরিফিকেশন ইক্যুপমেন্ট, ১০ সেট ডিজেল জেনারেটর এবং ৬ সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ যন্ত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি’র হেড অব ডেলিগেশনসহ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা চীনের দেওয়া সরঞ্জামগুলোর একটি অংশ প্রদর্শন করেন।

এই বিভাগের সব খবর

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর...

সর্বশেষ

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ...

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি...