চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে রিহান উদ্দিন মহিন (১৫) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় চেইঙ্গর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের পুত্র এবং সে স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে মাহিনসহ তিন তরুণ চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় একটি গ্রুপ তাদের ধাওয়া করে ব্রিজের উপর এনে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় অনেকে ঘটানটি রহস্যজনক বলেও মন্তব্য করেন প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা ছিল কিনা তা স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে পিটানো হয়। এতে মাহিন নামের এক তরুণের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
