চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসচালক নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার সাগরিকা মোড়ে ১১ নম্বর রোডে চলাচল করা একটি বাস শিল্প পুলিশের পিকআপটিকে ধাক্কা দেয়।
এতে ১৩ জন পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছিলেন। পরে রাতে পাহড়তলী বাজারে অভিযান চালিয়ে চালক নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

